শুক্রবার ৫ জুন ২০২৬ - ০৭:১৭
“মান কুনতু মাওলা ফা’হাযা আলিউন মাওলা” বাণী মুসলিম উম্মাহর নেতৃত্ব, বেলায়েত ও দিকনির্দেশনার এক ঐতিহাসিক ভিত্তি

পবিত্র ঈদে গাদীর উপলক্ষে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়ার উদ্যোগে এক ধর্মীয় মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান বক্তা মাওলানা আমজাদ হোসেন বলেন, গাদীরে খুমে মহানবী মুহাম্মদ (সা.)-এর ঘোষিত “মান কুনতু মাওলা ফা’হাযা আলিউন মাওলা” বাণী মুসলিম উম্মাহর নেতৃত্ব, বেলায়েত ও দিকনির্দেশনার এক ঐতিহাসিক ভিত্তি।

হাওজা নিউজ এজেন্সি: অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আমজাদ হোসেন। তিনি তাঁর বক্তব্যে ঐতিহাসিক গাদীরের ঘটনা, এর প্রেক্ষাপট ও ইসলামের ইতিহাসে এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বিদায় হজ থেকে ফেরার পথে গাদীরে খুম নামক স্থানে মহানবী মুহাম্মদ (সা.) মুসলমানদের সমবেত করে একটি গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। সে সময় তিনি হযরত আলী ইবনে আবু তালিব (আ.)-এর হাত উঁচু করে ঘোষণা করেন, “মান কুনতু মাওলা ফা’হাযা আলিউন মাওলা”—অর্থাৎ, “আমি যার মাওলা (অভিভাবক, নেতা ও কর্তৃত্বশীল), আলীও তার মাওলা।”

“মান কুনতু মাওলা ফাহাযা আলিউন মাওলা” বাণী মুসলিম উম্মাহর নেতৃত্ব, বেলায়েত ও দিকনির্দেশনার এক ঐতিহাসিক ভিত্তি

বক্তা বলেন, গাদীরের এই ঘোষণা ছিল মুসলিম উম্মাহর নেতৃত্ব, দিকনির্দেশনা ও বেলায়েতের প্রশ্নে এক ঐতিহাসিক মাইলফলক। তিনি আলীর (আ.) জ্ঞান, প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা, তাকওয়া এবং রাসূলুল্লাহ (সা.)-এর নিকটবর্তী অবস্থানের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ইসলামের প্রকৃত শিক্ষা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর নেতৃত্ব অনুসরণযোগ্য আদর্শ।

তিনি আরও বলেন, আলীর (আ.) বেলায়েত কেবল রাজনৈতিক নেতৃত্বের বিষয় নয়; বরং এটি আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক নেতৃত্বেরও প্রতীক। তাঁর জীবন ও আদর্শ মুসলিম উম্মাহকে ঐক্য, ন্যায় ও সত্যের পথে পরিচালিত করার অনন্য দৃষ্টান্ত।

বক্তা মুসলিম বিশ্বের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতি এবং বিভিন্ন অঞ্চলে নিপীড়িত মুসলমানদের দুর্দশার প্রসঙ্গ উল্লেখ করে শিয়া-সুন্নি ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, মুসলিম উম্মাহর বৃহত্তর স্বার্থে বিভেদ নয়, বরং পারস্পরিক সম্মান ও ঐক্যের ভিত্তিতে এগিয়ে যেতে হবে।

মাহফিলের একপর্যায়ে উপস্থিত মুমিনগণ ইমাম আলী (আ.)-এর শানে কবিতা, মানকাবাত ও প্রশংসাগাঁথা পাঠ করেন। এতে পুরো অনুষ্ঠানস্থলে এক আনন্দঘন ও আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয়।

দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি, ঐক্য এবং বিশ্বের নিপীড়িত মানুষের মুক্তি ও কল্যাণ কামনা করা হয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha